প্রতিমূর্তি ও ত্রিপিটক নিয়ে রাঙ্গামাটিতে শোভাযাত্রা

বনভান্তের ১০১তম জন্মবার্ষিকী

রাঙ্গামাটি প্রতিনিধি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০১তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাঙ্গামাটি রাজবন বিহারে হাজার হাজার পুণ্যার্থীদের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয়েছে মহাধর্মীয় উত্সব। শুক্রবার দুপুরে এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাঙ্গামাটি শহরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটকসহ র্যালি বের করা হয়। রাজবন বিহার প্রাঙ্গণে ত্রিপিটক র্যালির উদ্বোধন করেন রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমত্ প্রজ্ঞালংকার মহাস্থবির।

শোভাযাত্রাটি রাজবন বিহার প্রাঙ্গণ হতে শুরু হয়ে প্রধান মহাসড়ক পরিভ্রমণ করে রাজবন বিহারে গিয়ে আবারও মিলিত হয়। র্যালিতে মোটরসাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জিপ, অটোরিকশা, মাইক্রোবাসযোগে কয়েক হাজার পুণ্যার্থী অংশ নেন। এ সময় ভক্ত ও পুণ্যার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ধর্মগ্রন্থ ত্রিপিটকবাহী গাড়ি বহরে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করেন।