দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার নেই ২০ সড়কে

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সড়কের পাশের গাছ উপড়ে বেহাল হয়ে পড়েছে গৌরনদী উপজেলার ২০টি গ্রামীণ সড়ক। ঝড়ের প্রায় দুই মাস পরেও সড়কগুলো মেরামত বা সংস্কার করা হয়নি। এখনো অপসারণ করা হয়নি অধিকাংশ সড়কের পাশের গাছ। ফলে সড়কগুলো যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে মরণফাঁদ। এর মধ্যে সদ্য নির্মিত সড়ক রয়েছে ১০টি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাহিলাড়া মঠ-বাহাদুরপুর সড়ক, দিয়াসুর প্রাইমারি স্কুল-বাংলাবাজার সড়ক, দিয়াসুর হাজিরপুল-আকনবাড়ী সড়ক, পৌরসভার শেষমাথা-কালনা প্রাইমারি স্কুল সড়কসহ কয়েকটি পাকা সড়কের পাশে রোপিত শতশত গাছ সড়কের মাটিসহ উপড়ে পড়ে রয়েছে।

এ ব্যাপারে গৌরনদীর এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. অহেদুর রহমান জানান, বুলবুলের আঘাতে গৌরনদীর বিভিন্ন গ্রামীণ সড়কের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করা হবে বলে তিনি জানান।