ইব্রাহিমোভিচ এখন মিলানে

 স্পোর্টস রিপোর্টার

সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে টানার ব্যাপারটা গেল ডিসেম্বরেই নিশ্চিত করেছিল এসি মিলান। গত বৃহস্পতিবার সুইডিশ তারকা মিলানে পৌঁছানোর পর ক্লাবের সমর্থকদের সামনে হাজির করে ইতালীয় দলটি।

লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ফ্রি অ্যাজেন্টই হয়ে গিয়েছিলেন ইব্রা। বেশ কিছু দিন গুঞ্জনের পর গেল মাসের শেষে তাকে দলে টানার ঘোষণাটা দেয় মিলান। ৩৮ বছর বয়সি এই তারকার সঙ্গে আপাতত তাদের চুক্তিটা ছয় মাসের হলেও দুই পক্ষের সম্মতিতে আরো এক বছর বাড়তে পারে ক্লাবটিতে তার স্থায়িত্ব।

ইতালিয়ান এই ক্লাবটিতে ২১ নম্বর জার্সি পরে খেলবেন ইব্রা, জানিয়েছে মিলান। পুরোনো ক্লাবে ফিরলেও পরিস্থিতিটা মোটেও পরিচিত ঠেকবে না সুইডিশ তারকার। শেষবার যখন এখানে খেলে গিয়েছিলেন তখন লিগের জন্যে নিয়মিতই লড়তো তার দল। জিতিয়েছিলেন লিগ শিরোপাও। কিন্তু এখন ক্লাবটির অবস্থা মোটেও মিলান-সুলভ নয়। কিছু দিন আগেই আটলান্টার কাছে ৫-০ ব্যবধানে হেরেছিল দলটি, যা শেষ ২১ বছরে তাদের সবচেয়ে বাজে হারও। চ্যাম্পিয়ন্স লিগ হয়ে গেছে দূর আকাশের তারাই।

তবে ইব্রা নতুন আশাই দেখাচ্ছেন ক্লাবটিকে। জানালেন, ক্লাবটিকে পুরোনো উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। তিনি বলেন, ‘আমি সবসময়ই বলেছি যে এটা আমার ঘর এবং অবশেষে আমি ফিরে এসেছি। আমি অনেকগুলো ক্লাবে খেলেছে এ সময়ে কিন্তু আমি ফিরে এসেছি এবং এটাই জরুরি খবর। সান সিরোয় আমার জন্যে অপেক্ষা করুন এবং আমরা আবারও উড়তে শুরু করব।’