স্পোর্টস রিপোর্টার
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা গিয়েছে বাংলাদেশ যুব দল। গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জোহানেসবার্গের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশের যুবারা। আজ জোহানেসবার্গে পৌঁছাবে আকবর আলীর দল।
দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী ১৮ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হবে ৯ ফেব্রুয়ারি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান। ১৮ জানুয়ারি জিম্বাবুয়ে, ২১ জানুয়ারি স্কটল্যান্ড ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই পচেফস্ট্রুমে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গত দুই সপ্তাহ বগুড়ায় ক্যাম্প করেছিল বাংলাদেশ যুব দল। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মানিয়ে নিতে দুই সপ্তাহ অনুশীলনের সুযোগ পাবে টাইগার জুনিয়ররা। বিশ্বকাপের আগে পচেফস্ট্রুমে আগামীকাল (৫ জানুয়ারি) থেকে ক্যাম্প করবে টাইগার জুনিয়ররা। সেখানে স্থানীয় দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ যুব দল। তার পর আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচেও অংশ নিবে আকবর বাহিনী।