কিউবার প্রতিরক্ষা প্রধানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

 এএফপি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন দেওয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার কিউবার প্রতিরক্ষা প্রধানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, কিউবার সামরিক সংস্থা রেভল্যুউশনারি আর্মড ফোর্সেস অব কিউবা (মিনফার)-এর প্রধান জেনারেল লিওপোলদো কিনট্রা ফ্রিয়াস মাদুরোর বামপন্থি এলাকায় উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন ‘মাদুরোর সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাগণ, মিনফার ভেনেজুয়েলায় নির্যাতন ও বড়ো ধরনের মানবাধিকার লঙ্ঘনে নিয়োজিত। ভেনেজুয়েলায় মাদুরো বিরোধী যে কোনো পরিস্থিতিতে সেখানকার নাগরিকদের ওপর নির্যাতন, নির্মমতা, অমানবিকতা বা অবমাননামূলক শাস্তি প্রদান করা হচ্ছে।’ তিনি বলেন, ‘মিনফার ও কিউবা কর্তৃপক্ষের উদ্দেশ্য হচ্ছে ভেনেজুয়েলার নাগরিকদের দমন ও পীড়ন চালিয়ে সেখানকার গণতন্ত্রকে নস্যাত্ করা।’ ঘোষণায় কিনট্রা ফিয়াস ও তার দুই সন্তান দেবোরা কিনট্রা গোঞ্জালেজ ও লিওপোলদো কিনট্রা গোঞ্জালেজকেও যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদোকে সেখানকার অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে কিউবা সেই সঙ্গে রাশিয়া ও চীন মাদুরোকে সমর্থন দিয়ে যাচ্ছে।