সাতক্ষীরায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাকির হোসেন গাজী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে সাতক্ষীরা সদর উপজেলাধীন দামারপোতা পূর্ব বাগডাঙ্গি এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধের ওপর এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হত্যা ও ডাকাতিসহ ১৩ মামলার আসামি ছিল বলে পুলিশ জানায়।
জাকির সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে অস্ত্র আছে বলে সে জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে তাকে নিয়ে পুলিশ তার অস্ত্রভান্ডার তল্লাশিতে সদর উপজেলার দামারপোতা পূর্ব বাগডাঙ্গি এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধের ওপর যায়। এ সময় জাকিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালায়। এ সময় দুইপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে আব্দুর রশীদ হত্যা, চোরাচালান, ঘের দখল ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।