আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার ঝাউগড়ায় ২০০৭ সালে ৪.৭৪ একর জায়গায় স্থাপিত হয় হর্টিকালচার সেন্টার। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি উন্নত জাতের ফল, ফুল, মসলা, বনজ গাছ ও শাকসবজির চারা, কলম, বীজ উত্পাদন ও সরকার নির্ধারিত মূল্যে এ অঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে বিতরণ করে আসছে। সেন্টারের উত্পাদিত চারা, কলম চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সরকারি-বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে এবং ব্যক্তি পর্যায়ে সরবরাহ করা হয়ে থাকে। সেন্টার হতে সকল পর্যায়ে উদ্যান বিষয়ক বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। যার ফলে আড়াইহাজার হর্টিকালচার সেন্টারটি বিভিন্ন ফসলের চারা, কলম, বীজ ও উদ্যান বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ কেন্দ্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়ে উঠেছে। এছাড়া এটি বছরব্যাপী ফল উত্পাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের ফলবাগান প্রদর্শনীর আয়োজন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উদ্যান বিষয়ক নতুন নতুন প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণ করে চলেছে। এ সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে হর্টিকালচার সেন্টারটি বর্তমান সরকারের পুষ্টি নিরাপত্তা লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিষ্ঠার সময় থেকেই তত্কালীন উদ্যানতত্ত্ববিদ কৃষিবিদ মো. হাবিবউল্লাহ বিমান উড্ডয়নের এ পরিত্যক্ত জায়গাটি অসংখ্য মাতৃগাছ ও জার্মপ্লাজমে সমৃদ্ধ করেছেন। তিনি ভিয়েতনামসহ বিভিন্ন দেশ ও দেশের অভ্যন্তরের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মাতৃগাছ ও জার্মপ্লাজম সংগ্রহ করেন। বর্তমানে সেখানে দেশি, বিদেশি, প্রচলিত ও অপ্রচলিত ফল ও ওষুধি বৃক্ষের মাতৃবাগান রয়েছে। এর মধ্যে ৩৩ জাতের ১২০টি আম, তিন জাতের ১৩টি লিচু, ৭ জাতের ১২টি পেয়ারা, ৫ জাতের ৪৮টি লেবুসহ মোট ৫০টি ফল ও ওষুধি বৃক্ষের সর্বমোট ৪৯৭টি মাতৃগাছ রয়েছে। এখানে দেশি-বিদেশি বিরল কিছু জার্মপ্লাজম রয়েছে যেমন- এভোকাডো (ভিয়েতনাম থেকে সংগৃহীত), রাম্বুটান, কফি (ভিয়েতনাম থেকে সংগৃহীত), ড্রাগন ফ্রুট, মালয়, কেরালা ডোয়ার্ফ ও ভিয়েতনামের খাটো জাতের নারিকেল, প্যাশন ফল, জাবাটিকাভা, আলুবোখারা, আঁশফল, লুকলুকি, খিরনী, গোলাপজাম, মিষ্টি তেঁতুল ও সিডলেস কাঁঠাল।
হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. নাসির উদ্দিন জানান, আমরা দানাদার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও পুষ্টিতে এখনো পিছিয়ে আছি। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। সরকারের এই লক্ষ্য অর্জনে আড়াইহাজার হর্টিকালচার সেন্টারটি উপজেলার জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী গুণগত মানসম্পন্ন চারা-কলম উত্পাদন ও বিতরণ করে, বাণিজ্যিক একক ও মিশ্র ফলবাগান এবং বসতবাড়িতে ফলবাগানের প্রদর্শন এবং কৃষকদের হাতেকলমে ফল উত্পাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অধিকতর উদ্যান ফসলের উত্পাদন বৃদ্ধি তথা পুষ্টি নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে।