মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুর আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এখানকার উন্নয়নের জন্য সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত করেছে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন দ্রুত সংসদে পাশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। যার মাধ্যমে গাজীপুরের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে। গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে গাজীপুর অফিসার্স ফোরাম—ঢাকার উদ্যোগে আয়োজিত কৃতী সন্তানদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর অফিসার্স ফোরাম—ঢাকার সভাপতি আসলাম আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকী এমপি, সিমিন হোসেন রিমি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, শামসুন্নাহার ভুঁইয়া এমপি, রুমানা আলী এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুর অফিসার্স ফোরাম—ঢাকার সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিয়া, সংবর্ধনা কমিটির আহ্বায়ক এমদাদ উল্লাহ মিয়ান ও সদস্য সচিব মাহফুজুর রহমান আল মামুন প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল বলেন, রাজধানীর উপকণ্ঠে অবহেলিত গাজীপুর জেলার গুরুত্ব হিসেবে অবকাঠামো উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। রাস্তা প্রশস্তকরণসহ বর্তমানে যে উন্নয়ন কাজ চলছে তা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।