এবারের লাভে বিগত কয়েক বছরের লোকসান উসুল হতে চলেছে সিরাজদিখানের পেঁয়াজ চাষিদের। দাম বেশি হওয়ায় এবছর পেঁয়াজ চাষে আগ্রহ আরো বেড়ে গেছে কৃষকদের। গত চার বছর তারা পেঁয়াজ চাষে লোকসান গুণতে গুণতে প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েন। বিগত দিনের লোকসান পোষাতে এবার কৃষকেরা মরিয়া হয়ে উঠেছেন পেঁয়াজ চাষে।
বর্তমানে সিরাজদিখানের বিভিন্ন হাটে-বাজারে ভালো দামে পেঁয়াজের চারা বিক্রি হচ্ছে। প্রথম দিকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে ৮০ টাকা দরে বিক্রয় হচ্ছে পেঁয়াজের চারা। গত বছর এদিনে পেঁয়াজের চারা বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। গত বছরের তুলনায় এ বছর পেঁয়াজের চারা বিক্রি করে কৃষকরা ভালো দাম পাওয়ায় গত বছরের লোকসান পুষিয়ে নিচ্ছেন। পেঁয়াজের চারা সাধারণত পৌষ মাসে জমিতে রোপণ করা হয়। চার মাস পর ফলন তুলতে পারেন কৃষকরা।
উপজেলার বালুচর গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, ৩৫ শতাংশ জমিতে পেঁয়াজের চারা লাগে ১৫০ কেজি। আর পেঁয়াজ চারা উত্পাদনে সার, পানি, শ্রমিকসহ প্রায় ২৪ থেকে ২৫ হাজার টাকা খরচ হলেও বর্তমানে সেগুলোর বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায় বলেন, এ বছর কৃষকরা পেঁয়াজ চারার ভালো দাম পাচ্ছে। আশা করি, গত বছরের তুলনায় উপজেলায় এ বছর পেঁয়াজের আবাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে।