সাটুরিয়ায় অবাধে বিক্রি হচ্ছে আয়োডিনবিহীন লবণ

সাটুরিয়া উপজেলা সদরসহ ৯টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে আয়োডিনবিহীন লবণ অবাধে বিক্রি হচ্ছে। সরকার ১৯৮৯ ও ১৯৯৪ সালে আয়োডিনবিহীন লবণ উত্পাদন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে একটি আইন প্রণয়ন করলেও বাস্তবে এই আইন মানা হচ্ছে না। একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে আয়োডিনযুক্ত লবণের পাশাপাশি আয়োডিনবিহীন লবণ বিক্রি করছে।

জানা গেছে, উপজেলা সদর, হরগজ, বালিয়াটি, ধানকোড়া, তিল্লী, ফুকুরহাটি, বরাইদ, দিঘলীয়া, দরগ্রামসহ বিভিন্ন হাটবাজারে অবাধে আয়োডিনবিহীন লবণ বেচাকেনা চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এসব লবণ খেয়ে আয়োডিনের অভাবে মানুষ কম বুদ্ধিসম্পন্ন হাবাগোবা হয়ে থাকে এবং মানসিক ভারসাম্য হারানোরও যথেষ্ট আশঙ্কা রয়েছে। এছাড়া ট্যারাচোখ, বিকলাঙ্গ শিশু জন্মেরও অন্যতম কারণ শরীরে আয়োডিনের অভাব। আয়োডিনবিহীন এই নিম্নমানের লবণ অপরিশোধিত ও সালফারযুক্ত সাধারণ চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজেই মূলত ব্যবহার করা হয়ে থাকে।