সাভারে ইটভাটা ভাঙার প্রতিবাদে মালিক শ্রমিকদের মানববন্ধন

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বিনা নোটিশে ইটভাটা ভাঙার প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আয়োজনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

ইটভাটার মালিকরা অভিযোগ করেন, সরকার বিনা নোটিশে ইটভাটা ভেঙে দিচ্ছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। তারা সরকারকে ইটভাটা আইন ২০১৯ বাতিল, বিনা নোটিশে ইটভাটা ভাঙা বন্ধ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) রুবিনা ফেরদৌসী বলেন, যেহেতু আদালতের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে তাই এখানে নোটিশের কোনো প্রয়োজন নেই।