‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘আইজিপি’স এক্সেপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন পুলিশের ৫৯৫ জন কর্মকর্তা ও সদস্য। আসন্ন পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতরা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার পাবেন। আগামীকাল রবিবার থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের শেষ দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ পুরস্কার দেবেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে মোট ৫৯৫ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন। গতবারের চেয়ে ৯৪ জন বেশি পুলিশ সদস্যকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গত পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৫০১ জন সদস্য।

মনোনীত ৫৯৫ জনের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন রয়েছেন।