ওয়াটসনের হাফ সেঞ্চুরিতে রংপুরের জয়

চার ম্যাচে করেছিলেন ১৫ রান। শেন ওয়াটসনের নামের পাশে যেটি বড্ড বেমানান। অবশেষে জেগেছে এই অস্ট্রেলিয়ানের ঘুমন্ত ব্যাট। বঙ্গবন্ধু বিপিএলে রানের দেখা পেয়েছেন ওয়াটসন। গতকাল সিলেটে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক খেলেছেন ৩৬ বলে ৬৮ রানের ইনিংস।

ওয়াটসনের জেগে ওঠার দিনে চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর। স্বাগতিক সিলেট থান্ডারকে ৩৮ রানে পরাজিত করেছে রংপুর। ১০ ম্যাচে চার জয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল দলটি। সমান সংখ্যক ম্যাচে সিলেটের এটি নবম হার। হোম ভেন্যুতে টানা দ্বিতীয় ম্যাচ হারল সিলেট।

টসে হেরে আগে ব্যাট করা রংপুর ৫ উইকেটে ১৯৯ রানের পুঁজি গড়েছিল ওয়াটসনের হাফ সেঞ্চুরিতেই। ৬টি চার ও ৫টি ছক্কায় ৬৮ রান করেন তিনি। নাঈম শেখ ৪২, ডেলপোর্ট ২৫, গ্রেগরি ১৫, নবী ২৩, ফজলে মাহমুদ অপরাজিত ১৬ রান করেন। সিলেটের পক্ষে এবাদত হোসেন ২টি, সান্তোকি, রাদারফোর্ড ও মনির হোসেন ১টি করে উইকেট পান।

জবাবে ১৯.১ ওভারে ১৬১ রান তুলতে সমর্থ হয় সিলেট। শেষ ব্যাটসম্যান মনির হোসেন ব্যাটিং করেননি। সিলেটের হয়ে ব্যাটিংয়ে লড়াই করেছেন শুধু শেরফানে রাদারফোর্ড। ৩৭ বলে ৬০ রান (৫ চার, ৩ ছয়) করেন এই ক্যারিবিয়ান। মিঠুন ৩০, ফ্লেচার ১৯, নাঈম হাসান ১২ রান করেন। রংপুরের মুস্তাফিজ, তাসকিন, গ্রেগরি ২টি করে উইকেট নেন।