‘এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দ্য ইয়ার-২০২০’ সম্মাননা পেয়েছে রাজশাহী। শনিবার সকালে ঢাকায় চ্যানেল আই চেতনা চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চ্যানেল আই প্রকৃতি মেলার ১০ম বর্ষে পদার্পণে ১ম বারের মতো এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে সম্মাননা তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।
উল্লেখ্য, ২০১৬ সালে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে রাজশাহী বিশ্বে সেরা শহর নির্বাচিত হয়। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য-উপাত্তের ভিত্তিতে যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
আরও পড়ুন: গণধর্ষণে জড়িত কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, ‘জিরো সয়েল প্রকল্প বাস্তবায়ন ও বিপুল সংখ্যক বৃক্ষরোপণসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী। আমি প্রথমবার মেয়র থাকাকালে নগরীতে প্রচুর পরিমাণ গাছ লাগানো হয়েছে। এবারও সিটি কর্পোরেশন কর্মচারী, কাউন্সিলর, শিক্ষার্থীদের মাধ্যমে নগরীতে বিপুল সংখ্যক বৃক্ষরোপণ ও গ্রিনজোন সৃষ্টি করা হচ্ছে। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহীর সুনাম দেশজুড়ে। ’
এদিকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দ্যা ইয়ার-২০২০ সম্মাননা লাভ করায় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিবেশ উন্নয়ন শাখা এবং রাসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে মেয়রকে অভিনন্দন জানিয়েছে।
এর আগে ২০১২ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে প্রথমবারের মতো ‘পরিবেশ পদক’ গ্রহণ করেন রাসিক মেয়র লিটন। একই বছর বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাসিক। ২০০৯ সালেও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাসিক।
ইত্তেফাক/এসি