সম্প্রতি ভাইরাল হয়েছে রাষ্ট্রীয় খরচে কিছু ভ্রমণের নিউজ। যেমন :আলু চাষ দেখতে ইউরোপে যাচ্ছেন ৪০ কর্মকর্তা, বিমান আনতে আমেরিকায় যাচ্ছেন ৪৫ কর্মকতা, পুকুর খনন দেখতে ১৬ কর্মকর্তার বিদেশ সফর ইত্যাদি। ভবিষ্যতে আরো যেসব বিদেশ ভ্রমণের নিউজ ভাইরাল হতে পারে, তা জানাচ্ছেন ঠাট্টা গবেষক নাইমুর লিখন
v তীব্র শীতে গোসলের সঠিক নিয়মাবলি জানতে ও গোসল করার যৌক্তিকতা বিচারের উদ্দেশ্যে অ্যান্টার্কটিকা ও সাইবেরিয়া গমন ৪২০ কর্মকর্তার।
v এক হাত দিয়ে থাপ্পড় মেরে মশা মারার যুগান্তকারী পদ্ধতি জানতে ও ঢাকাকে মশামুক্ত করতে হন্ডুরাস যাচ্ছেন ১৩ কর্মকর্তা।
v লেপ-কম্বলের মধ্যে কোন জাতির মানুষের পা বেশি ঠান্ডা থাকে, তা অনুসন্ধানে আমাজন জঙ্গলে এক ঐতিহাসিক সফরে ২ কর্মকর্তা।
v চোখ খোলা রেখে নিরবচ্ছিন্ন ঘুমের উপায় জানতে ও চোখ বন্ধ করলে অন্ধকার দেখার কারণ জানতে ১০১ কর্মকর্তার অজানার উদ্দেশে গমন।
v আঙুল ফুলে কলাগাছ রোপনের কার্যকরী প্রযুক্তি আনতে উগান্ডা যাচ্ছেন ৪৪ জন কর্মকর্তা।
v ‘উম্মাহ, সব ঠিক হয়ে যাবে বাবু!’ বলার পর প্রেমিক/প্রেমিকার সুস্থ হওয়ার রহস্যের উদ্ঘাটন করতে পরিবারসহ হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলু সফর ৩ কর্মকর্তার।
v সিগনাল ছাড়া এক চান্সে বিজয় সরণি পার হওয়ার টিপস নিতে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোর যাচ্ছেন অগণিত কর্মকর্তা।
v ‘পরিবেশটা সুন্দর না?’ এই কথার যথার্থতা যাচাইয়ে মাইক্রোনেশিয়ার পালাউ ভ্রমণে ৭ কর্মকর্তা।
v মওকা বুঝে বিদেশ সফর করার গোপন উপায় শিখতে গুয়েতেমালা ভ্রমণ ৬৯ কর্মকর্তার।
v কোন ঈদের পর কঠোর আন্দোলন শুরু করা যায়, তা নিয়ে গবেষণা করতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে যাচ্ছেন বিরোধী দলীয় নেতারা!