/ সত্যজিত্ বিশ্বাস
এবারও বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ও ওয়াকাম কার্টুন প্রদর্শনী ও তরুণ কার্টুনিস্ট পদক-২০১৯ প্রদান করেছে। দেশের কার্টুনিস্টদের নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে স্থান পেয়েছে পেশাদার ও নবীন কার্টুনিস্টদের কার্টুন। রাজধানীর ধানমন্ডির ‘গ্যালারি-২৭’-এ গত ২৬ ডিসেম্বর বেলা ৩টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন কার্টুনিস্ট আহসান হাবীব। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলেছে এ প্রদর্শনী।
প্রদর্শনীতে এবারের বিষয় ছিল এ সময়ের অন্যতম সমস্যা ‘মানুষের স্ক্রিন আসক্তি’। স্ক্রিন আসক্তি বলতে যেকোনো ধরনের স্ক্রিনকেই বোঝানো হয়েছে। এ যুগে সবাই যেন একেকটা স্ক্রিনে আটকে গেছে। এই নতুন সংকটকে মাথায় রেখে এবারের কার্টুনগুলো আঁকা হয়েছে। প্রতিযোগিতাটি মূলত একেবারেই নবীন আঁকিয়েদের মধ্যে করা হয়েছে। এতে আঁকার দক্ষতার সঙ্গে সঙ্গে দেখা হয়েছে কে কত সহজে আইডিয়াকে তুলে ধরতে পেরেছে। সারা দেশ থেকে নবীনদের শতাধিক এন্ট্রি থেকে প্রদর্শনীর জন্য নির্বাচিত করা হয়েছে ৪৪টি (চুয়াল্লিশটি) কার্টুন। আর দেশের পেশাদার ও স্বনামধন্য কার্টুনিস্টদের আরো ৪২টি মিলে মোট ৮৬টি কার্টুন স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জাহিন আবরার, দ্বিতীয় স্থান রিদওয়ান নূর নাফিস ও তৃতীয় স্থান সৌরভ হাসান। এখানে পুরস্কার পাওয়া কার্টুনগুলোর পাশাপাশি প্রদর্শিত আরো কিছু কার্টুন ঠাট্টার পাঠকদের জন্য দেওয়া হলো।