বাসিফল রাশিফল

ছড়া

/ ব্রত রায়

 

আম্র হলো ফলের রাজা

পুষ্টি-স্বাদে সেরা

এ রায় দিল পুষ্টিবিদ আর

খাদ্যরসিকেরা!

 

স্বাদ যেমনই হোক না কেন

সকল ফলই ভালো

ফলের রসেই হোক না রঙিন

মুখটি এবং গালও!

 

ফল খাওয়া চাই বেশি বেশি

এবং প্রতিদিনই

সাধ্য মতোই আসুন সবাই

ফলফলাদি কিনি!

 

ফল কিছু খাই কাঁচা এবং

বেশির ভাগই পাকা

ঠিক না কাটা ফল বেশি ক্ষণ

বাইরে ফেলে রাখা!

 

শুকনো ফলও হয় খাওয়া খুব

পেস্তা, খেজুর, মেওয়া

এমনি তো খাই, আবার এসব

ফিরনিতে হয় দেওয়া!

 

গাছের ফলের সঙ্গে আছে

কর্ম-কাজের ফল

খারাপ কাজে কক্ষনো কি

হয় কারো মঙ্গল?

 

অঙ্ক করো শুদ্ধভাবে

সঠিক ফলই পাবে

স্বপ্ন সোনার দেশের কবে

ফলতে দেখা যাবে?

 

ওষুধ দিয়ে পাকানো ফল

অমৃত নয়, বিষ

পারলে এসব ফল এড়িয়ে

চলুন অহর্নিশ!

 

তাজা ফলই খাবেন, কারণ—

খারাপ বাসি ফল

তার চেয়ে কী খারাপ জানেন?

ফালতু রাশিফল!