/ সত্যজিত্ বিশ্বাস
বাসরঘরের চুক্তি
নতুন জামাই :বিয়ে তো হলো। এখন থেকে আমাদের সংসারে তুমি হলে প্রেসিডেন্ট। কী, খুশি তো?
নববধূ (ঘোমটার ভেতর থেকে মাথা নাড়িয়ে) :উঁহু।
নতুন জামাই :আচ্ছা, ঠিক আছে আমি প্রেসিডেন্ট। তুমি প্রধানমন্ত্রী।
নববধূ (ঘোমটার ভেতর থেকে মাথা নাড়িয়ে) :উঁহু।
নতুন জামাই :তাহলে?
নববধূ (ঘোমটার ভেতর থেকে মাথা নাড়িয়ে) :রাজা, প্রধানমন্ত্রী, সেনাপতি সব তুমিই হও।
নতুন জামাই :তাহলে তুমি?
নববধূ (ঘোমটা নামিয়ে) :আমাকে শুধু কোষাধক্ষ্যের পদটা দিলেই চলবে।
নতুন বছরের শাড়ি
আবুল সাহেব :কী ব্যাপার, নতুন বছরের জন্য শাড়ি কিনতে গিয়ে খালি হাতে ফিরলে যে?
বউ :শাড়ি চয়েজ করতে একটু সময় লাগে না, বলো?
আবুল সাহেব :তা তো লাগেই।
বউ :কয়েকটা শাড়ি বাছাই করে যেই প্রথম শাড়িটা চাইলাম, ওমনি দোকানদার বলে ওটা নাকি ঘণ্টাখানেক আগেই বিক্রি হয়ে গেছে।
ঘোড়ার ডিম পারো
শিমুলের প্রেমিকা :তুমি কি আমার মন বুঝতে পারো?
শিমুল :পারব না কেন, অবশ্যই পারি।
শিমুলের প্রেমিকা :ঘোড়ার ডিম পারো। পারলে কি এতদূরে বসে কথা বলে সময় নষ্ট করতে?
উপদেশ
এক মৃত্যুপথযাত্রী বৃদ্ধ তার নাতিকে ডেকে বললেন, ‘দাদুভাই, আমি তো ২/১দিনের মধ্যে মারা যাব। মারা যাওয়ার আগে তোমাকে একটা উপদেশ দিয়ে যাই। তোমার বাবাকে তো দিয়েছিলাম, সে তো মনে রাখল না। তুমি কিন্তু ভুলো না কখনো।’
নাতি :কী উপদেশ দাদু?
দাদু :নির্ঝঞ্ঝাট, নিশ্চিন্ত, হাসিখুশি জীবন চাইলে কখনো বিয়ে করো না।
নাতি :তুমি নিশ্চিন্তে থাক, আমি তোমার উপদেশ কখনো ভুলব না। আমার মৃত্যুর সময় আমার নাতি, নাতনিকেও এই উপদেশ দিয়ে যাব।
নতুন বছরের প্রত্যাশা
প্রথম বান্ধবী :নতুন বছরে তোর প্রত্যাশা কী রে?
দ্বিতীয় বান্ধবী :এমন একটা প্রেমিক আসুক জীবনে, যার মানিব্যাগ থাকবে ভরা আর মাথা থাকবে খালি।
হ্যাপি নিউ ইয়ার
ভিক্ষুক :আম্মা গো, ভিক্ষা দেন।
গৃহিণী :এই নাও দুই টাকা।
ভিক্ষুক :এইসব কী দেন আম্মা? কাইল না হ্যাপি নিউ ইয়ার গেল? এক টুকরা কেক দেন।
মিথ্যে বললে
শিক্ষিকা :শোনো মেয়েরা, রূপচর্চার দিকে নজর বাদ দিয়ে পড়াশোনার দিকে মন দাও। ওটাই তোমাদের সুন্দর ভবিষ্যত্ দেবে।
পেছনের বেঞ্চ থেকে এক ছাত্রী :মিথ্যে বললে পাপ হয়।
নতুন বছরে
বউ :আচ্ছা শোনো, নতুন বছর আসছে। পুরোনো সোফা সেট, টিভি আর জানালার পর্দাগুলো কিন্তু বদলে ফেলব। ডাইনিং টেবিলটাও পুরোনো হয়ে গেছে। আলমারি, ফ্রিজ, শোকেস পাল্টাতে পারলে ভালো হতো। আচ্ছা, আর কী বদলালে ঘরে একটা নতুন লুক আসবে বলো তো?
শামস সাহেব :আমাকে।
নতুন বছরের উপহার
বউ :নতুন বছর আমাদের সবার জন্য নতুন কী নিয়ে আসবে?
সজীব সাহেব :নতুন ক্যালেন্ডার।
বাসা বদলানোর কথা কখন বললাম?
আব্বাস :ঢাকায় ভালো একটা বাসা অল্প টাকায় ভাড়া পাওয়া যা মুশকিল। যা হোক, তোকে যে বাসাটা খুঁজে দিলাম, পছন্দ হয়েছে তো?
মামুন :আমার তো পছন্দ হয়েছে, কিন্তু গিন্নির তো হয়নি।
আব্বাস :তাহলে আর দেরি করছিস কেন, বদলে ফেল।
মামুন :কিন্তু দুই মাসের ভাড়া যে অ্যাডভান্স নিল, তার কী হবে?
আব্বাস :বাসা বদলানোর কথা কখন বললাম?
ভালোবাসা
প্রচণ্ড দুষ্টুমির জন্য ছেলেকে ঠাস ঠাস করে চড় লাগিয়ে দিলেন বাবা। ছেলে কাঁদতে শুরু করলে বাবা বোঝাতে লাগলেন, মা-বাবা মার দেওয়া মানে ভালবাসা। এই যে তোকে মারলাম, সেটা তোকে ভালোবাসি বলেই তো।
ছেলে (চোখ মুছতে মুছতে) :এজন্যই কী তুমি সব সময় বলো, তোমার মা-বাবা তোমাকে খুব ভালোবাসতো?
অভিন্ন চাওয়া
চন্দন দা :ওগো, নতুন বছরে ঈশ্বরের কাছে বিড়বিড় করে কী চাইলে?
স্ত্রী :চাইলাম, এই হাড়ে বজ্জাতের হাত থেকে আমাকে মুক্তি দাও। তা, তুমি কী চাইলে?
চন্দন দা :আমি কি তোমার মতো? নিজের জন্য কিছুই চাইনি। চেয়েছি, মা যেন তোমার মনের ইচ্ছা পূরণ করে।