টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ
স্পোর্টস ডেস্ক
দুয়ারে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ, তখনই ফিরতে যাচ্ছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ভারতীয় পেস বোলিংয়ের এই তুরুপের তাসের ফেরার মঞ্চটা প্রস্তুত। আজ থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।
গেল আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন বুমরাহ। কারণ কোমরের স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছিলেন তিনি। খেলতে পারেননি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। ২৬ বছর বয়সী বুমরাহর চার মাসের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ। প্রত্যাবর্তনের সিরিজে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পাচ্ছেন বুমরাহ। শক্তিমত্তার বিবেচনায় এগিয়ে থাকবে ভারতই। তার ওপর সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, তাতে হোয়াইটওয়াশ হয়েছে বাজে ভাবে। যদিও গেল অক্টোবরে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের টি-টোয়েন্টি ফরম্যাটে হোয়াইটওয়াশ করেছে। আবার টি-টোয়েন্টির বিবেচনায় শ্রীলঙ্কার চেয়ে যোজন-যোজন এগিয়ে আছে ভারত। এই পর্যন্ত দুই দলের মধ্যে অনুষ্ঠিত ছয়টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের পাঁচটিই জিতেছে ভারত। এর একটি হয়েছে ড্র। দুই দলের মধ্যকার শেষ টি-টোয়েন্টিতেও জয়ী দলের নাম ভারত।
টি-টোয়েন্টি সিরিজে নজর থাকবে বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। দুই জনই এখন যৌথভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক। দুই জনই করেছেন সমান ২ হাজার ৬৩৩ রান। ফলে আজ যে কারো একজন চাইলে আরেকজনকে ছাড়িয়ে যেতেই পারেন। এদিকে আসামের চলমান রাজনৈতিক অস্থিরতা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাতেও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ) সাধারণ সম্পাদক দেবজিত্ সাইকিয়া জানিয়েছেন, মাঠে খেলা দেখতে আসা দর্শকরা কোনো রকম পোস্টার, ব্যানার এমন কি কলম বা সাইনপেনও আনতে পারবে না। কোনো রাজনৈতিক বার্তা না ছড়ানোর জন্যই এসিএ এই সিদ্ধান্ত নিয়েছে। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ জানুয়ারি। এই সিরিজ শেষ হতে না হতেই চলে আসবে অস্ট্রেলিয়া দল।
আগামী ১৪ জানুয়ারি মুম্বাইয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১৭ ও ১৯ জানুয়ারি। এরপর জানুয়ারির শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত।
টি-টোয়েন্টি
বিশ্বকাপের পর ভারত
হোম ২৪ ১৬ ৮ ০
অ্যাওয়ে ২৯ ১৮ ৯ ২
সব মিলিয়ে ৫৩ ৩৪ ১৭ ২