খুলনা অফিস
খুলনায় নতুন বছরের শুরুতেই সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম ২০০ টাকা বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ক্রেতারা। খোঁজ নিয়ে জানা গেছে, গত ডিসেম্বর পর্যন্ত বাসাবাড়িতে ব্যবহূত কোম্পানি নির্ধারিত ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের মূল্য ছিল ৯০০ টাকা। ইংরেজি নববর্ষ থেকে কোম্পানি এটির মূল্য বাড়িয়ে ১ হাজার ৫০ টাকা করেছে। বর্তমানে বিভিন্ন দোকানে খুচরা মূল্যে এই গ্যাস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। হোটেলে বা বাণিজ্যিকভাবে ব্যবহূত ৩০ কেজি ওজনের গ্যাস ডিসেম্বরে বিক্রি হয়েছে ২ হাজার ১৫০ টাকা মূল্যে। ১ জানুয়ারি থেকে কোম্পানি থেকে ডিলাররা এই গ্যাস কিনছেন ২ হাজার ৫৫০ টাকা মূল্যে। বর্তমানে বাজারে খুচরা মূল্যে এটি বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা মূল্যে। এছাড়া ৩৫ কেজি ওজনের গ্যাস ২ হাজার ৬০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা এবং ৩ হাজার ২৫০ টাকা মূল্যের ৪৫ কেজি ওজনের গ্যাস এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকায়। নগরীর শেখপাড়া মেইন রোডের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত ডিসেম্বরে ১২ কেজি ওজনের গ্যাস কিনেছি ৯০০ টাকা মূল্যে। নতুন বছরের শুরুতে সেই গ্যাস কিনতে হয়েছে ১ হাজার ১০০ টাকায়। তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। খুলনা জেলা এলপি গ্যাস ডিলার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শায়ের আহম্মেদ বিটু বলেন, শীতকালে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের চাহিদা বেশি হওয়ার কারণে অধিক মূল্যে গ্যাস কিনতে হচ্ছে; সে কারণে কোম্পানিগুলোর সিদ্ধান্ত অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে।
রায়পুরে বেড়েছে এলপি গ্যাসের দাম
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রায়পুরে হঠাত্ বেড়ে গেছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের দাম। গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত থেকে ক্রেতাদের কাছ থেকে ১২ কেজি ওজনের সিলিন্ডারপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। একদিন আগেও সিলিন্ডার ৯৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে এক হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, আবার কোনো কোনোটি ১ হাজার ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। ঠাকুরগাঁওয়ে নাভানা এলপি গ্যাসের পরিবেশক জুটন চৌধুরী বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে এলপি গ্যাসের দাম বেড়ে যায়। এলপি গ্যাসের বাড়তি দামের সঙ্গে ডিলারদের কোনো সম্পৃক্ততা নেই। সব কোম্পানিই গ্যাসের দাম বাড়িয়েছে। কোম্পানির বেঁধে দেওয়া দরেই গ্যাসের সিলিন্ডার বিক্রি করছি।’