মহানন্দা তীরে প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু সংলগ্ন স্থানে মহানন্দা নদী তীরে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের জায়গা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। তিনি বলেন, এই প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে এবং এলাকার মানুষের কর্মসংস্থান হবে।  এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।