বৃষ্টি ও ঘন কুয়াশায় পুঠিয়ায় খেজুর গুড় উত্পাদন বন্ধ

পুঠিয়া, (রাজশাহী) সংবাদদাতা

বৃষ্টি ও ঘন কুয়াশায় পুঠিয়ায় এখন খেজুর গুড় উত্পাদন বন্ধ রয়েছে। এতে চলতি সপ্তাহে বাজারে খেজুর গুড়ের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাত থেকে এ অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এতে বুধবার বিকালে কাটা খেজুর গাছের রস বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। গাছ ভিজে থাকায় শুক্রবার গাছিরা গাছ কাটতে না পারায় শনিবার গুড় উত্পাদন ব্যাহত হয়। উপজেলার গন্ডগোহালী গ্রামের খেজুর গুড় উত্পাদনকারী আব্দুল হান্নান জানান, বৃষ্টির কারণে শুক্র ও শনিবার খেজুর রস সংগ্রহ করতে পারেননি। গাছ ভেজা থাকায় শনিবারও রস সংগ্রহে খেজুর গাছ কাটতে পারেননি। গুড় ব্যবসায়ী আব্দুর রফিক ও গুড়ের আড়তদার ভাষান আলী জানান, পুঠিয়ার ঝলমরিয়া ও বানেশ্বর হাট থেকে সপ্তাহে প্রায় পৌনে দুইশ মেট্রিক টন খেজুর গুড় দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। কিন্তু বৃষ্টি ও কুয়াশার প্রভাবে খেজুর গুড় উত্পাদন কমে গেছে।