টেকনাফে বিপুল মাদক জব্দ

মিয়ানমারের নাগরিকসহ আটক দুই

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফ স্থলবন্দরে আসা বাণিজ্যিক জাহাজে কোস্টগার্ডের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক বিয়ার ও হুইস্কিসহ দুই জনকে আটক করেছে।

সূত্র জানায়, শুক্রবার রাতের প্রথম প্রহরে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের জওয়ানরা টেকনাফ স্থলবন্দরে আসা একটি বাণিজ্যিক জাহাজ হতে বস্তায় করে পাচারের সময় বিপুল পরিমাণ বিয়ার ও হুইস্কির বস্তা, জাহাজ এবং মুঠোফোনসহ জাহাজে থাকা মিয়ানমারের নাগরিক পাইপুতুন (৩৭) এবং টেকনাফ কেরুনতলীর মো. ইসলামের পুত্র মো. কামাল হোসেন (৩০) কে আটক করে। এসব মাদক সিজি স্টেশনে এনে গণনা করে ৮৬৪ ক্যান বিয়ার এবং ৪৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কিও বোতল পাওয়া যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারি, জব্দকৃত জাহাজ ও ফোন টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া নিশ্চিত করেন।