মিরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১ জন নিহত

রাজধানীর মিরপুরের পল্লবীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে পশ্চিম কালশী রোডে ঘটনাটি ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে এ দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে। তবে এর চালক পলাতক রয়েছে।

পল্লবী থানার এসআই মিজানুর রহমান জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তি মিরপুরের পশ্চিম কালশীর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টার  দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। পুলিশ তার হাতের আঙ্গুলে ছাপ নিয়ে পরিচয় জানার চেষ্টা করছে।