বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ৭

বিয়ানীবাজারে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের সাত নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার দুপুরে পৌরশহরের প্রমথ নাথ দাস রোডে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, রুনু, সালাহ উদ্দিন, জুনেদ, জাকারিয়া প্রমুখ। এদের মধ্যে তিন জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের মোট ছয়টি গ্রুপ পৃথক কর্মসূচির আয়োজন করে। এখানে পৃথকভাবে ছয় গ্রুপ কয়েক বছর ধরে দলীয় কর্মসূচি পালন করে। শনিবার দুপুরে ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচি উদ্যাপনের একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষে দেশীয় অস্ত্রের মহড়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দুই গ্রুপের সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের পৌরশহরে সশস্ত্র অবস্থান করতে দেখা গেছে।  অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিয়ানীবাজার থানা পুলিশকে পৌরশহরের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।