সুজানগরে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার হাটখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সুজানগর থানা পুলিশ স্বামী রাজিব কাজী এবং তার বাবা মনজেদ কাজীকে গ্রেফতার করেছে। নিহত হেনা খাতুন (২০) খয়েদীকান্দী গ্রামের মাহতাব ফকিরের মেয়ে।
সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত হাদিউল ইসলাম জানান, দুই বছর আগে আড়াই লাখ টাকা যৌতুকের বিনিময়ে রাজিব কাজীর সঙ্গে হেনা খাতুনের বিয়ে হয়। গতকাল রাজিব আবার স্ত্রী হেনার কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু হেনা তার বাবার আর্থিক অবস্থা বিবেচনা করে দ্বিতীয় দফা যৌতুক দেওয়া সম্ভব নয় বলে স্বামী রাজিবকে সাফ জানিয়ে দেয়। এতে রাজিব ক্ষিপ্ত হয়ে স্ত্রী হেনাকে শ্বাসরোধে হত্যা করে। সেই সঙ্গে হত্যার ঘটনা ধামাচাপা দিতে হেনাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার মিথ্যা প্রচারণা চালায়। এ ব্যাপারে হেনার বাবা পার্শ্ববর্তী খয়েদীকান্দী গ্রামের মাহতাব ফকির বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।