আজ ধীরাজ কুমার নাথের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব ধীরাজ কুমার নাথের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। ২০১৮ সালের এই দিনে ৭২ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামে ১৯৪৫ সালের ৯ জানুয়ারি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর নোয়াখালী সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে চাকরিতে যোগদান করেন। ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন এবং পাবনা ও পটুয়াখালী জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে বৈদেশিক বাণিজ্য বিভাগে সেকশন অফিসার হিসেবে নিয়োজিত হন। ১৯৭৮ সালে গাজীপুর মহকুমার প্রথম মহকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০-৮১ সালে কুমিল্লা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কমর্রত ছিলেন।