বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হিটলার যেমন তার দেশের গণতান্ত্রিক মানুষদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে হত্যা করেছে, তেমনি পিজি হাসপাতালকে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির (একাংশের) জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, গত দশ বছর বিএনপির ওপর যে নির্যাতন হয়েছে তা হিটলারের সঙ্গে তুলনা করা যায়। তার চেয়েও এখন আমাদের খারাপ অবস্থা। কিন্তু বিএনপি এখনো দল হিসেবে টিকে আছে। বিএনপি সুযোগ পেলে মৌমাছির মতো বেরিয়ে পড়ে এটাই হলো বিএনপির বেঁচে থাকার সবচেয়ে বড়ো প্রমাণ।
এলডিপির সভাপতি আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন সেলিমের সঞ্চালনায় জাতীয় কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার একাংশের সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, এনডিপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপি নেতা আব্দুল গণি প্রমুখ।