পাকিস্তানে গুরু নানকের জন্মস্থানের স্মৃতি বিজড়িত নানকানা সাহিব গুরুদুয়ারায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার গুরুদুয়ারায় উন্মত্ত জনতার হামলার শিকার হন সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্যরা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত বছরের আগস্টে নানকানা সাহিবের শহর থেকে জগজিত্ কাউর নামের একটি মেয়েকে বাড়ি থেকে অপহরণ করে ধর্মান্তরিত করা হয়। ঐ অপহরণের ঘটনায় অভিযুক্ত পরিবারের একজনের নেতৃত্বে এই হামলা হয়েছে। পবিত্র স্থানে এই হামলার নিন্দা জানিয়েছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তায় পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গুরুদুরায়ায় হামলার ঘটনায় ভারতে বিক্ষোভ হয়েছে। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, দল-মত নির্বিশেষে সবার প্রতিবাদ করা উচিত। ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা একটা প্রাচীন বদ-অভ্যাস। যে অভ্যাস কোনো সীমান্ত মানে না। ভালোবাসা, পারস্পরিক সম্মান আর বোঝাপড়া এই অভ্যাস বদলানোর মূল ওষুধ।
এই ঘটনার নিন্দা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। যদিও এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের রিপোর্ট উল্লেখ করে ইসলামাবাদ দাবি করেছে, স্থানীয় এক চায়ের দোকানে ‘সামান্য বাগিবতণ্ডায়’ জড়িয়েছিলেন কয়েক যুবক।