ফতুল্লায় ছিনতাইয়ের চেষ্টাকালে ভুয়া পুলিশ আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার লিংক রোডে ট্রাফিক পুলিশের পোশাক পরিহিত তিন ছিনতাইকারী একটি নোহা গাড়ি ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে এক ভুয়া সার্জেন্ট আটক হয়েছে। এ সময় পুলিশ গিয়ে ঐ ভুয়া সার্জেন্টের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, ওয়াকিটকি ও ট্রাফিক পুলিশের এক সেট পোশাক উদ্ধার করেছে। আটককৃত ভুয়া সার্জেন্ট শামীম (৪০) কুড়িগ্রামের উলিপুর গ্রামের মহসিন আলীর ছেলে। গতকাল শনিবার বিকাল ৩টায় লিংক রোডের ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের কবলে পড়া নোহা মাইক্রোবাসের চালক দেলোয়ার হোসেন জানান, ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে ট্রাফিক পুলিশের পোশাক পরা দুই জন ও এক জন সাদা পোশাক পরা লোক গাড়ি থামাতে আমাকে সিগন্যাল দেয়। এতে গাড়ি থামাতেই পোশাক পরা এক জন গাড়ির কাগজপত্র চায়। তাত্ক্ষণিক কাগজপত্র দিলেও তারা বলে এসবে ভুল আছে তোমাকে থানায় যেতে হবে। এরপর তারা আমাকে পিছনের ছিটে বসিয়ে ঢাকার দিকে গাড়ি নিয়ে রওনা দেয়। তখন সন্দেহ হলে আমি চিত্কার দেই। এতে গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে ভূইগড় বাসস্ট্যান্ডে গিয়ে একটি পিকআপ ভ্যানের পিছনে লাগিয়ে দেয়। এসময় গাড়িটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায়। তখন আবার চিত্কার করলে দ্রুত দুই জন পালিয়ে যায় এবং আশপাশের লোকজন এসে এক জনকে আটক করে গণধোলাই দেয়।