যশোরের অভয়নগরে গণপিটুনিতে এক মোটরসাইকেল ছিনতাইকারী (৩০) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোরের মণিরামপুর উপজেলার হরিদাশকাটি গ্রামের বিদ্যুৎ মন্ডল ভাড়ায় মোটরসাইকেল চালান। রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে নওয়াপাড়া-মণিরামপুর সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে সুন্দলী বাজারের পাশে একটি মাছের ঘেরের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে। দুর্বৃত্তরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় বিদ্যুৎ মন্ডল একজনকে জাপটে ধরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে পিটুনি দেয়। এতে অজ্ঞাত ওই ছিনতাইকারী ঘটনাস্থলেই মারা যায়। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১১টার দিকে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ৪১তম বিসিএসে আবেদন প্রায় সাড়ে ৪ লাখ
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় পুলিশ জানতে পারেনি।
ইত্তেফাক/এসইউ