সাভারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মূলহোতাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে সাভার ও কেরানীগঞ্জ থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ওই গৃহবধূর নাম মোছা. হাজিরা বেগম টুকটুকি (২০)।তার গ্রামের বাড়ি বরিশালে। স্বামী মিল্লাতের সঙ্গে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন টুকটুকি। মিল্লাত সাভারের ফুটপাতে ব্যবসা করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে জনি (২৪), শুকুর আলীর ছেলে সেলিম (২২) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ লক্ষীবরদী এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল (২৮)।
আরও পড়ুন: রামেকে আইসিইউ শয্যা দ্বিগুণ হবে: স্বাস্থ্যমন্ত্রী
পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ২৫ ডিসেম্বর গৃহবধূ টুকটুকিকে মোবাইল করে বাড়ি থেকে উত্তর জামসিং এলাকায় ডেকে নেয় জনি। পরে তার দুই সহযোগী সেলিম ও জুয়েলসহ তিন জন মিলে দলবদ্ধ ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর লাশটি প্রথমে জনির বাড়িতে ওয়্যারড্রপে রেখে দেয় এবং সেটি গুম করার জন্য সুযোগ খুঁজতে থাকে। পরে ২৭ ডিসেম্বর গভীর রাতে টুকটুকির লাশটি জামসিং এলাকায় ফেলে রেখে যায় তারা।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি