বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উচ্চাঙ্গসংগীত উত্সব ‘মেহফিল-এ-মুসিকী’ অনুষ্ঠিত হয়েছে। গত ২ জানুয়ারি একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আরোহী সংগীত নিকেতন আয়োজিত এ উচ্চাঙ্গসংগীত উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ প্রফেসর কৃষ্টি হেফাজ। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও দেশের প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা শুভেচ্ছা বাণী দেন।
প্রতিবছরের মতো এবারো আরোহী সংগীত নিকেতনের গুণীজন সম্মাননায় সম্মানিত হন প্রখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী এবং বিখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান। মেহফিল-এ-মুসিকীতে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন আরোহী সংগীত নিকেতনের শিক্ষার্থীবৃন্দ। বিশেষ পরিবেশনায় শাস্ত্রীয় নৃত্য (মণিপুরী) পরিবেশন করেন ওয়ার্দা রিহাব।