বিএনপি পরিবারতন্ত্র লালন করে —তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক এবং তারা পরিবারতন্ত্র লালন করে। গতকাল রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রী তার দপ্তরে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।

‘আওয়ামী লীগে পরিবারতন্ত্র চলছে’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, পরিবারতন্ত্রের মধ্যে বসে তিনি যে কথা বলেছেন, এটি তার দলের বেলায়ই প্রযোজ্য। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে কোন যোগ্যতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, তিনি কি আগে কখনো রাজনীতি করেছেন? নাকি সাদেক হোসেন খোকার ছেলে বলেই তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘এখন বিএনপির চেয়ারপারসন হচ্ছেন খালেদা জিয়া, আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন হচ্ছেন তারই পুত্র তারেক রহমান। দুই জনই দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি বেগম সুলতানা কামালের পরিবেশ নিয়ে এক বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনি সবসময় কড়া কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। যেভাবে ঢালাওভাবে কথাগুলো বলেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ বর্তমান সময়ে বাংলাদেশের পরিবেশ নিয়ে আন্তর্জাতিক সংস্থা পরিচালিত জরিপের ডাটা দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এগুলোর দিকে তাকালে তিনি নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন।