বিসিবির আরেক প্রস্তাব ফেরাল পাকিস্তান

এফএ কাপ

স্পোর্টস রিপোর্টার

সব ঠিক থাকলে জানুয়ারির শেষেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের। সে হিসেবে সিরিজের আর খুব বেশি সময় বাকি নেই। কিন্তু পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই সিরিজ নিয়ে বক্তব্য, পাল্টা বক্তব্য, গুঞ্জন আর শেষই হচ্ছে না।

এবার ভারতীয় সংবাদ মাধ্যম জানাল, বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টির সঙ্গে একটি টেস্টও পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়েছে। কিন্তু দ্বিতীয় টেস্টটি তারা ঢাকায় আয়োজনের প্রস্তাব দিয়েছে। কিন্তু বার্তা সংস্থা পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এমন কোনো প্রস্তাব দেওয়া বা না দেওয়া নিয়ে মন্তব্য করেননি। তিনি বলেছেন, তারা তিনটি টি-টোয়েন্টি খেলে ফিরে আসার আগের অবস্থানে অনড় আছেন।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী পাকিস্তানের মাটিতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মিলিয়ে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। সেই সঙ্গে ভবিষ্যত্ সফরসূচি বলছে, এই সফরে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। ১৮ জানুয়ারি এই সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা এত লম্বা সফরের জন্য পাকিস্তানে যেতে রাজি নন বলে বোর্ড সভাপতি জানিয়েছিলেন।

শুরুতে জানা গিয়েছিল বাংলাদেশের কোনো বিদেশি কোচ পাকিস্তান সফরে যাবেন না। তবে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দৈনিক ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, দল গেলে তিনি যেতে রাজি আছেন।

কোচদের অনীহা ও খেলোয়াড়দের অনেকদিন থাকায় অনাগ্রহ মিলিয়ে বিসিবি প্রথমে প্রস্তাব দিয়েছিল, তারা তিনটি টি-টোয়েন্টি খেলে চলে আসবে। এরপর টেস্ট সিরিজ হবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পিসিবি পরিষ্কার জানিয়ে দেয়, তারা আর দ্বিপাক্ষিক সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না। এরপর বিসিবি বলে টি-টোয়েন্টি সিরিজের পর দেশে ফেরা খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখে টেস্ট দুটির ব্যাপারে  সিদ্ধান্ত নেবেন তারা। কিন্তু পিসিবি কঠোরভাবে জানায় যে, একবারেই সূচি অনুযায়ী সফর শেষ করে আসতে হবে।

সবশেষে জানা গেল, বিসিবি প্রস্তাব দিয়েছিল তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলার পর দল ফিরে আসবে। আর একটি টেস্ট ঢাকায় হবে। এ ব্যাপারে পিটিআইকে এক পিসিবি কর্মকর্তা বলেছেন, ‘এটা খুব বিস্ময়কর যে, বিসিবি চাচ্ছে, পাকিস্তান বরং বাংলাদেশে গিয়ে একটি টেস্ট খেলুক।’

বাংলাদেশ গোপনে এই প্রস্তাব দিয়েছিল জানিয়ে পিসিবির ঐ কর্মকর্তা বলেছেন, তারা ইতিমধ্যে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি বলছিলেন, ‘গোপনীয়তার সঙ্গে পিসিবিকে বলা হয়েছে, একটা টেস্ট বাংলাদেশে ও একটা টেস্ট পাকিস্তানে হোক। কিন্তু এটা প্রত্যাখ্যান করা হয়েছে।’

বিসিবি আদৌ এমন প্রস্তাব দিয়েছিল কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, সংবাদ মাধ্যমের এই ধরনের রিপোর্ট নিয়ে তিনি মন্তব্য করবেন না। আর পাকিস্তান সফরের ক্ষেত্রে বলেছেন, তাদের আগের অবস্থানই এখনো ঠিক আছে। তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলেই দাবি করেছেন প্রধান নির্বাহী।