স্পোর্টস ডেস্ক
প্রতিপক্ষ গোলমুখে নেই একটি শটও! এমন ঘটনা শেষ পাঁচ বছরে কখনোই দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। গত শনিবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে সে ‘কীর্তি’ দেখাল ওলে গুনার সোলসারের শিষ্যরা। ফলে এফএ কাপের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে গোলশূন্য ড্র-ই নিয়তি হয় দলটির। তবে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি দুর্বল শক্তির দল পোর্ট ভেলের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয় নিয়ে টুর্নামেন্টটা ভালোভাবেই শুরু করেছে।
শনিবার রাতে নিজেদের মাঠে ইতিহাদে সিটিকে ২০ মিনিটেই এগিয়ে দেন ওলেস্কান্দার জিংচেঙ্কো। ৩৫ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান টম পোপ। ৪২ মিনিটে সার্জিও আগুয়েরোর কল্যাণে আবারও এগিয়ে যায় সিটি। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টেইলর হারউড বেলিস। এরপর ৭৬ মিনিটে ফিল ফোডেনের গোল বড়ো জয়ই পাইয়ে দেয় সিটিকে।
অন্যদিকে ইউনাইটেড ম্যাচের শুরু থেকেই খেলেছে ছন্নছাড়া ফুটবল। বলের দখল থাকলেও প্রতিপক্ষ রক্ষণে ত্রাস ছড়াতে পারেনি সোলসারের শিষ্যরা। ফলে গোলশূন্য ড্র-ই নিয়তি হয় দলটির। কোচ সোলসার অবশ্য জানালেন, ঠাসবুনোটের সূচি মেনে নিয়েই খেলতে হবে দলকে। তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরে ৯টা ম্যাচ খেলেছি। সূচিটা এমনই এবং এটা আমাদের মেনে নিতে হবে।’
ড্র করলেও পরের রাউন্ডের আশা মিলিয়ে যায়নি ইউনাইটেডের।
এদিকে সিটি নিজেদের মাঠে বড় জয়ের পর পরের রাউন্ড অনেকটা নিশ্চিতই ধরে নিলেন দলটির কোচ পেপ গার্দিওলা, খেলা শেষে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘বড়ো জয় নিয়ে আমরা পরের রাউন্ডে প্রবেশ করতে যাচ্ছি। ম্যাচটিতে আমরা গুরুত্ব দিয়ে খেলেছি। প্রথমার্ধে অবশ্য আমাদের কিছুটা সংগ্রাম করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা সেরাটাই খেলেছি।’