সিলেট অফিস
সিলেট নগরীতে আন্ডারগ্রাউন্ড ক্যাবলিংয়ের মাধ্যমে বিদ্যুত্ সঞ্চালন চালু হচ্ছে। এ লক্ষ্যে রবিবার থেকে সড়কে থাকা ঝুলন্ত বিদ্যুত্, ইন্টানেটের তার এবং খুঁটি অপসারণ শুরু হয়েছে। এক্ষেত্রে সহযোগিতা করছে সিলেট সিটি করপোরেশন। পূর্ণাঙ্গ সরবরাহ ও বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌকুল হাদী, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, বিদ্যুত্ বিভাগের কর্মকর্তা ও শাহজালাল দরগাহ এলাকার ব্যবসায়ীরা। বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে পাইলট প্রকল্পে নগরীতে ১১ কেভি ২৫ কিলোমিটার, শূন্য দশমিক ৪ কেভি ১৮ কিলোমিটার ও ৩৩ কেভি ২ সার্কিট কিলোমিটার ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইন নির্মাণ করা হবে বলে জানা গেছে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, হযরত শাহজালাল (র.) মাজার এলাকা থেকে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্পের সফল সরবরাহ চালু হয়েছে। গত ১৫-২০ দিন ধরে পরীক্ষামূলক সরবরাহ পর্যবেক্ষণের পর রবিবার পূর্ণ সরবরাহ চালু করা হয়েছে। শাহজালাল মাজার এলাকা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত পাইলট প্রকল্পে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন চালু করা হবে। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি করপোরেশনের সব এলাকায় বাস্তবায়ন করা হবে এই সুবিধা।