নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপক) সংঘ ঢাকা শাখার উদ্যোগে গতকাল রবিবার গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌবাহিনী প্রধানের সহধর্মিণী ও নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্রসমূহ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করেন।

ঢাকার মিরপুর-১৪ নম্ব্বরে অবস্থিত নাবিক কলোনি মাঠে সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্রসমূহ বিতরণ করা হয়। ডা. আফরোজা আওরঙ্গজেব এ সময় সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষের খোঁজখবর নেন ও অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা ও বিএন লেডিস ক্লাবের চেয়ারম্যান বেগম মনিরা রওশন ইকবাল ও সচিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।