স্থানীয়দের অধিকার নিশ্চিত করে রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে স্থানীয়রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিঙ্গারা ফিরে না যাওয়া পর্যন্ত তাদের সেই ক্ষতি কাটিয়ে উঠার কথা নয়। তাই আগে স্থানীয়দের অধিকার নিশ্চিত করে আশ্রিত রোহিঙ্গাদের জন্য কাজ করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

গতকাল রবিবার দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সরকার আন্তর্জাতিক মহলে কর্মপ্রয়াস অব্যাহত রেখেছে। তবে এটা দীর্ঘসূত্রতার বিষয়। আমরা আশা করছি বিশ্বকে সঙ্গে নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত সম্ভব হবে। সেভাবেই কাজ চলছে।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ‘শহীদ এটিএম জাফর আলম’ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, শাহীনা আকতার চৌধুরী ও কানিজ ফাতেমা আহমেদ। জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা শাহজাহান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘অরুণোদয়’ পরিদর্শন করেন ড. শিরীন শারমিন চৌধুরী।