বরিশালে ডাস্টবিন থেকে বাজারের ব্যাগ মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার নগরীর বান্দরোড বিআইডব্লিউটি-এর মূল গেটের সামনে এ লাশ উদ্ধার করা হয়। বিআইডব্লিউটি-এর দারোয়ান মো. সুজন বলেন, সকাল থেকেই ডাস্টবিনে একটি বাজারের ব্যাগ দেখা যায়। কিন্তু কেউ সাহস করে ব্যাগটি খুলেনি। অবশেষে পুলিশ এসে ব্যাগের ভিতরের থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার এএসআই সবুজ জানান, ডাস্টবিনে বাজারের ব্যাগ মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ দেখে কেউ খুলতে সাহস পায়নি। খবর পেয়ে পুলিশ ব্যাগের ভিতর থেকে সাত থেকে আট মাস বয়সি এক নবজাতকের লাশ উদ্ধার করেন। তবে কিভাবে লাশটি এখানে এসেছে তা জানা যায়নি।