‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের কাছাকাছি ভারত’

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত এবং যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তির সম্পন্নের কাছাকাছি রয়েছে। এই চুক্তি হলে দুই দেশেরই বৃহত্ বাণিজ্যের বাজারে প্রবেশের সুযোগ আরো বাড়বে। গত শুক্রবার ইন্ডিয়ান-আমেরিকান উদ্যোক্তাদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এই কথা জানান। উদ্যোক্তাদের বৈশ্বিক অলাভজনক সংগঠনের আঞ্চলিক শাখা টাই ডিসি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এই বাণিজ্য চুক্তি সইয়ের নির্দিষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ করেননি ভারতের বিদায়ী রাষ্ট্রদূত শ্রিংলা। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির কথা প্রথম ঘোষণা করেন। গত ২৪ সেপ্টেম্বর ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে তার দেশ শিগগিরই ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করবে। শ্রিংলা বলেন, এই চুক্তি সই হলে দুই দেশর কোম্পানিগুলো লাভবান হবে। আমরা অনেক সম্ভাবনা দেখছি। তিনি বলেন, গত এক দশকে দুই দেশের বাণিজ্য উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে। ২০১৯ সালে বাণিজ্যের পরিমাণ ১৬০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে।

হর্ষবর্ধন শ্রিংলাকে ভারতের পরবর্তী পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। চলতি মাসের শেষদিকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। টাই ডিসির এক উদ্যোক্তা রভি পুলি বলেন, দায়িত্বের প্রায় এক বছরে শ্রিংলা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় প্রভাব ফেলেছেন। রাষ্ট্রদূত হিসেবে তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে যে পর্যায়ে নিয়েছেন সেটাতে আমরা গর্ব বোধ করি। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এই সম্পর্ক আরো এগিয়ে নেবেন বলে আমরা আশা করি। খবর:টাইমস অব ইন্ডিয়ার। 

 

 

০