ক্রিকেটের অনুশীলনে ইংল্যান্ডের খেলোয়াড়দের ফুটবল খেলা নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, এখন থেকে ক্রিকেটের অনুশীলনে ফুটবল খেলতে পারবেন না ইংলিশ খেলোয়াড়রা।
বহু আগ থেকেই এই রেওয়াজ চলছে, ক্রিকেটের অনুশীলনে ফুটবল খেলে খেলোয়াড়দের শরীর গরম করা। এই প্রক্রিয়া অনুসরণ করছে বিশ্বের প্রায় সব ক্রিকেট দলই। কিন্তু হঠাৎ করেই এই নিয়ম থেকে সরে এসেছে ইসিবি। কারণ হিসেবে তারা বলছে, ক্রিকেটের অনুশীলনে ফুটবল খেলায় বড় ধরনের ইনজুরিতে পড়েন খেলোয়াড়রা।
কেপটাউনে চলমান দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ইংলিশ ব্যাটসম্যান ররি বার্নস। ফলে কেপটাউন টেস্ট তো বটেই সিরিজ থেকেই ছিটকে পড়েছেন তিনি। তাই ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে তাকে।
এর আগে ২০১৮ সালের শ্রীলংকা সফরে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো। এছাড়াও এই ফুটবল অনুশীলনের জন্য অতীতে জো ডেনলি এবং জেমস অ্যান্ডারসনও ইনজুরির শিকার হন।
সম্প্রতি অনুশীলনে ফুটবল নিষিদ্ধের কথা জানিয়েছিলেন ইসিবির পরিচালক অ্যাশলে জাইলস। অবশেষে বার্নসের ইনজুরিতে ইংল্যান্ডের ক্রিকেট অনুশীলনে ফুটবল নিষিদ্ধ করলো জাইলস ও দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড।
সিলভারউড বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। এভাবে ইনজুরিতে পড়ে বার্নসের বাদ পড়াটা খুবই দুঃখজনক। তাই জাইলস ও বোর্ডের সঙ্গে আলোচনা করে ক্রিকেট অনুশীলনে ফুটবল খেলা বাদ দেওয়া হলো।’
ইত্তেফাক/জেডএইচডি