রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে সাড়ে ৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আবসার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে কুড়িল ফ্লাইওভারগামী রাস্তার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৬৯০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে র্যাব-১।
র্যাব-১ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আবসার একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদীপথে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবা এনে ঢাকাসহ আশেপাশের এলাকায় বিক্রি করত। ইতিপূর্বে সে ১০/১৫টি মাদকের চালান রাজধানী ও আশপাশের জেলায় সরবরাহ করেছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩ : এদিকে রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।
ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৯১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ গ্রাম হেরোইন, ৮৩২ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেনসিডিল ও ১০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।