বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পলাতক চার আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৩ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
যাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে এরা হলেন: বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র মাহমুদুল জিসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের এহতেশামুল রাব্বি ওরফে তানিম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের মোর্শেদ অমর্ত্য ইসলাম ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের মুজতবা রাফিদ। এদিকে এই মামলার মনিরুজ্জামান মনির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন।
গত ৬ অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িত্ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করে। পরে আবরারের বাবার করা মামলার তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। আসামিদের সবাই বুয়েটের বিভিন্ন বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।