সোনারগাঁয়ে লোক কারুশিল্প মেলা ১৪ জানুয়ারি

সোনারগাঁয়ে ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উত্সব। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল রবিবার মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উত্সব উপলক্ষ্যে মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ এ তথ্য জানান। ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, অ্যাডভোকেট নুরজাহান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গণি, সোনারগাঁ পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাস প্রমুখ।

উত্সবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলেমেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলা, পুতুলনাচ, কর্মরত কারুশিল্পীর কারুপণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বছরই এ মেলার আয়োজন করে।