ইরানের বিরুদ্ধে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিরিজ টুইটে দেশটির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, ইরানে নতুন অস্ত্র দিয়ে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এজন্য তেহরানের ৫২ টি স্থাপনা টার্গেট করেছে ওয়াশিংটন। খবর সিএনএনের
গতকাল টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সামরিক সরঞ্জামে মাত্র দুই ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। আধুনিক অস্ত্রে আমরাই সবচেয়ে বড়ো এবং যতোদূর জানি বিশ্বে সেরা। ইরান যদি মার্কিন ঘাঁটি ও আমেরিকানদের ওপর হামলা চালায় তাহলে কোনো বিলম্ব না করেই আমরা কিছু নতুন মডেলের অস্ত্র পাঠাবো। তারা যদি হামলা করে, আমরা পাল্টা হামলা চালাবো। তারা যদি পুনরায় আক্রমণ করে তাহলে তাদেরকে বলবো এমনটি করো না। কারণ আমরা তাদের ওপর কঠিন হামলা চালাবো যা তারা আগে কখনো দেখেনি।
এর আগে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার দেন, জেনারেলের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু সম্পদকে টার্গেট করার কথা খুব জোরালোভাবে বলছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থাপনা সনাক্ত করেছে, যার মধ্যে কয়েকটি শীর্ষস্থানীয় এবং ইরানের সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ। এসব টার্গেট এবং ইরান খুব দ্রুত খুব কঠোর হামলার মুখে পড়বে, যদি তেহরান যুক্তরাষ্ট্রে হামলা করে। ‘যুক্তরাষ্ট্র আর কোনো হুমকি চায় না’ উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ৫২টি টার্গেট ইরানে বন্দি থাকা ৫২ জন আমেরিকানের প্রতিনিধিত্ব করবে; যারা ১৯৭৯ সালের শেষ দিকে মার্কিন দূতাবাস থেকে আটক হওয়ার পর ইরানে এক বছরের বেশি সময় বন্দি ছিলেন। তার টুইটের পরেই মার্কিন সরকারের একটি ওয়েবসাইট হ্যাক হয়। আমেরিকান ফেডারেল ডিপোজিটরি লাইব্রেরি প্রোগ্রামের ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর সেখানে দাবি করা হয়, সেটি ইরান সাইবার নিরাপত্তা গ্রুপের হ্যাকাররা হ্যাক করেছে। ওয়েব পেইজে ট্রাম্পের একটি কার্টুন চরিত্র দেওয়া হয় যেখানে তার মুখে আঘাত এবং রক্ত বের হওয়া চিত্রায়িত করা হয়।