নাটোরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ উদ্ধার

নাটোরে নিখোঁজের একদিন পর কামরুল ইসলাম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের চোখ উপড়ানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার হালসা গ্রামের একটি বাঁশ বাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল হালসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি নাটোর শহরের চকরামপুরে অবস্থিত রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি (আরএসটিইউ) ইনস্টিটিউটের বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কামরুল ইসলামকে কারা যেন ডেকে নেয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। রবিবার সন্ধ্যায় স্থানীয়রা বাঁশ বাগানের ভিতর একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃতদেহের একটি চোখ উপড়ানো ছিল।

আরও পড়ুন: ব্যবসায়ী হত্যার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জনের মৃত্যুদণ্ড

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, নিহতের মোবাইল ফোনের কললিস্ট চেক করা হচ্ছে। কারা, কি কারণে কামরুলকে হত্যা করেছে তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইত্তেফাক/নূহু