বাঁধাকপির ৪ পদ

শীতে টাটকা শাক-সবজি দিয়ে মজাদার সব খাবার তৈরি করা হয়। তেমনি একটি সবজি হলো বাঁধাকপি। আর বাঁধাকপি দিয়ে  ভিন্ন স্বাদের ৪ পদের খাবার নিয়ে আমাদের এবারের রেসিপি আয়োজন।

বাঁধাকপির পায়েস

 

উপকরণ :বাঁধাকপি কুচি ২ কাপ, দুধ ২ লিটার, চিনি ২ কাপ, পেস্তাকুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ।

প্রণালি :দুধ জ্বাল দিয়ে ১ লিটার করুন। বাঁধাকপির কুচি হালকা ভাপিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে ঘন দুধ দিন। দুধ ফুটে উঠলে বাঁধাকপি কুচি দিন। চিনি দিন, কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন হয়ে উঠলে পেস্তা কুচি, কিশমিশ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

০০০

বাঁধাকপির রোল

 

উপকরণ :বাঁধাকপি কুচি ২ কাপ, পেঁয়াজ কুচি চার ভাগের এক কাপ, সয়াসস আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধ চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, সয়াবিন তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ময়দা ২ কাপ, পানি পরিমাণমতো।

প্রণালি :প্রথমে ময়দা পানি ও লবণ দিয়ে ডো তৈরি করুন। চুলায় পাত্র দিয়ে তেল দিয়ে মসলাসহ বাঁধাকপি দিন। নেড়ে ১০ মিনিট রান্না করুন। ঠান্ডা হতে দিন। এবার ডো দিয়ে ছোট ছোট রুটির আকারে গড়ুন। এরপর রুটির মধ্যে স্টাফিং দিয়ে দু’পাশে ভাঁজ করে রোলের মতো ফোল্ড করুন। তৈরি রোল ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন।

০০০

বাঁধাকপি সংরক্ষণ

 

উপকরণ :বাঁধাকপি ১টি, ভিনেগার আধ কাপ, পানি পরিমাণমতো।

প্রণালি :বাঁধাকপি কুচি করে কেটে নিন। বাঁধাকপি পানিতে ভিনেগার দিয়ে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর বাঁধাকপি থেকে পানি ঝরিয়ে ৩-৪ দিন রোদে শুকিয়ে নিন। মচমচে হলে প্যাকটে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন।

০০০

গরুর মাংসে বাঁধাকপি

 

উপকরণ :গরুর মাংস ১ কেজি, বাঁধাকপি ১টি, মরিচ বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, সয়াবিন তেল ১ কাপ, গরম মসলা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো।

প্রণালি :বাঁধাকপি হালকা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ বাটা দিয়ে মাংস দিন। গরম মসলা দিন। ভালোভাবে কষিয়ে পানি দিন। মাংস সিদ্ধ হলে সিদ্ধ বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। কিছুক্ষণ পর জিরা গুঁড়া দিন। কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।