তথ্যপ্রযুক্তি ডেস্ক
গত তিন বছরে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার স্কুল-কলেজ পড়ুয়া ২১ হাজারেরও বেশি নারী শিক্ষার্থীকে বিনামূল্যে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে আইসিটি ডিভিশন ও হুয়াওয়ে। ভ্রাম্যমাণ দুটি ডিজিটাল ট্রেনিং বাসের মাধ্যমে মোট ১ হাজার ২২৬টি সেশনে তাদেরকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
২০১৫ সালে হুয়াওয়ে এবং বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের সহযোগিতায় সেই সময় থেকে তিন বছর মেয়াদি এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে ও টেলিযোগাযোগ কোম্পানি রবি আজিয়াটা।
মোট ছয়টি ডিজিটাল ট্রেনিং বাসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে সরাসরি হুয়াওয়ের তত্ত্বাবধায়নে ছিল দুটি বাস। ‘পদ্মা’ ও ‘রূপসা’ নামের ঐ ডিজিটাল ট্রেনিং বাস দুটি দেশের প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে গত ৩ বছরে স্কুল-কলেজ পড়ুয়া মোট ২১ হাজার ২৩৮ জন নারী শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তি বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করেছে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যত্ জীবনে তারা স্বাবলম্বী হতে পারবে বলে আশাবাদ প্রশিক্ষকদের।
গত সপ্তাহে তিন বছর মেয়াদি এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে ডিজিটাল ট্রেনিং বাস দুটি হস্তান্তর করেছে হুয়াওয়ে। গত ১লা জানুয়ারি (বুধবার) এক অনুষ্ঠানে আইসিটি বিভাগের ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের পরিচালক মো. আখতার মামুনের কাছে বাস দুটি হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স ডিপার্টমেন্টের ডিরেক্টর ঝাং কিডি।