দিল্লির বিধানসভার ভোট ৮ ফেব্রুয়ারি, ফলাফল ১১ ফেব্রুয়ারি

 এনডিটিভি

দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব, ১১ ফেব্রুয়ারি হবে ভোটগণনা, সেদিনই ফলাফল জানা যাবে মনে করা হচ্ছে, সাংবাদিক সম্মেলনে জানালেন নির্বাচন কমিশনার সুনীল অরোরা ।

এদিন বিকালে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার জানান, ‘অবাধ ভোটগ্রহণ’ সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন, সেজন্য দিল্লিতে ১৩,০০০ ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে এবং ভোটের কাজে নিযুক্ত থাকবেন ৯০,০০০ আধিকারিক। ২২ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, দিল্লিতে মোট বিধানসভার আসন সংখ্যা ৭০। মেয়াদ শেষ হওয়ার আগেই তৈরি করতে হবে নয়া সরকার। গতমাসে ঝাড়খণ্ডে নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি, ২০১৯ সালে সেটি ছিল গেরুয়া শিবিরের দ্বিতীয় পরাজয়। তারপর তাদের কাছে দিল্লিই হবে প্রথম নির্বাচন। ঝাড়খণ্ডে জেএমএম এবং কংগ্রেসের জোটের কাছে পরাজিত হয় কেন্দ্রের শাসকদল। 

গত বছরে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়ের পর বিজেপির কাছে দেশের রাজধানী দিল্লিতে এটাই হবে প্রথম নির্বাচন। লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনেই জয়লাভ করে পদ্ম ব্রিগেড।

২০১৫ বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় তারা পেয়েছিল ৬৭টি আসন, বাকি তিনটি আসনে জিতেছিল বিজেপি, কোনো আসনেই জিততে পারেনি কংগ্রেস। ২০১৫ বিধানসভা নির্বাচনে মোট ৫৪.৩ শতাংশ ভোট পেয়েছিল আম আদমি পার্টি। ৩২.৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়স্থানে ছিল বিজেপি, কংগ্রেস পেয়েছিল ৯.৭ শতাংশ ভোট। দুই বছর আগে মাত্র ২৮টি আসনে জিতেছিল আম আদমি পার্টি, কংগ্রেসের সমর্থনে সরকার গড়তে পেরেছিল তারা, কংগ্রেসের দখলে ছিল আটটি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৩২টি আসন।